না ফেরার দেশে অভিনেতা শামস সুমন, হৃদরোগে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৬, ১২:১৮ এএম
না ফেরার দেশে অভিনেতা শামস সুমন, হৃদরোগে মৃত্যু

নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শামস সুমন আর নেই। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন শামস সুমন। পরিবারের সদস্যরা জানান, তিনি বাসাতেই ছিলেন, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পরই তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, কার্ডিয়াক অ্যারেস্টই ছিল মৃত্যুর কারণ।

নব্বইয়ের দশকে টিভি নাটকের পরিচিত মুখ ছিলেন শামস সুমন। মঞ্চনাটক দিয়ে অভিনয় জীবন শুরু করে ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জন করেন। পরে বড় পর্দাতেও নিয়মিত কাজ করেন। ভরাট কণ্ঠ আর সাবলীল অভিনয়ের জন্য দর্শকের কাছে দ্রুতই আলাদা জায়গা করে নেন তিনি। তবে ২০১৬ সালের পর থেকে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন।

তার অভিনীত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ‘অহংকার’, ‘অনুরাগ’, ‘যদি ভালোবাসো’, ‘এইতো আমাদের বাড়ি’, ‘রাতের অতিথি’, ‘অতন্দ্র প্রহর’ ও ‘খোঁজ’। একুশে টেলিভিশনে আফসানা মিমি পরিচালিত ধারাবাহিক ‘বন্ধন’ নাটকেও অভিনয় করেন তিনি।

চলচ্চিত্রে তৌকীর আহমেদের ‘জয়যাত্রা’ দিয়ে যাত্রা শুরু করে ‘বিদ্রোহী পদ্মা’, ‘জোনাকির আলো’, ‘আয়না কাহিনি’, ‘প্রিয়া তুমি সুখী হও’, ‘চোখের দেখা’ ও ‘মন জানে না মনের ঠিকানা’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। ২০০৮ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। সর্বশেষ তাকে দেখা যায় ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় একটি ছোট চরিত্রে।

অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন একটি বেসরকারি রেডিওতে দায়িত্ব পালন করেছেন শামস সুমন। তিনি রেডিও ভূমির স্টেশন প্রধান হিসেবেও কাজ করেছেন।

রাশেদ মামুন অপু বলেন, “আমরা এইমাত্র মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আজ হঠাৎ করেই পরিস্থিতির অবনতি হয়।”

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টায় চ্যানেল আই প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজশাহীতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে