ইরান যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালক জো কেন্টের পদত্যাগকে ইতিবাচক হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেন্ট নিরাপত্তা বিষয়ে দুর্বল ছিলেন বলেও মন্তব্য করেছেন তিনি। আল-জাজিরা জানিয়েছে, কেন্টের পদত্যাগ ঘিরে ট্রাম্প এমন প্রতিক্রিয়া দিয়েছেন।
মঙ্গলবার কেন্ট নিজেই পদত্যাগের ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত চিঠিতে তিনি জানান, “বিবেকের তাড়নায় আমি ইরান যুদ্ধকে সমর্থন করতে পারছি না।” তার দাবি, ইরান যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না এবং ইসরায়েল ও তাদের প্রভাবশালী লবির চাপেই এই যুদ্ধ শুরু হয়েছে।
কেন্টের এই অবস্থানের কড়া সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, “যখন আমি তার বিবৃতি পড়ি, তখন মনে হয়েছে তার চলে যাওয়া ভালো একটা ব্যাপার। কারণ কেন্ট বলেছিলেন, ইরান কোনো হুমকি নয়।” ট্রাম্প আরও বলেন, “প্রত্যেক দেশই বুঝেছিল ইরান কী ধরনের হুমকি ছিল, প্রশ্ন হলো তারা এ বিষয়ে কিছু করতে চায় কি না।”
জো কেন্ট জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তবে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গ্যাবার্ডের পক্ষ থেকে জনসমক্ষে তেমন কোনো মন্তব্য আসেনি।
বিশ্লেষকদের মতে, কেন্টের পদত্যাগ যুক্তরাষ্ট্রের ভেতরে ইরান ইস্যুতে মতবিরোধকে সামনে নিয়ে এসেছে। একদিকে প্রশাসনের কঠোর অবস্থান, অন্যদিকে নিরাপত্তা কর্মকর্তাদের একাংশের আপত্তি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
আল-জাজিরা বলছে, এই ঘটনাটি মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির ভেতরের দ্বন্দ্বকেই প্রকাশ করছে। বিশেষ করে যুদ্ধ শুরুর কারণ ও তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা।