বরিশাল নগরীর বটতলা পুলিশ ফাঁড়ির সামনে হাবিব শাহের দরবারে ভাঙচুর ও হামলার ঘটনায় তীব্র মঙ্গলবার দিবাগত রাতে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)’র নেতৃবৃন্দরা। বিবৃতিতে দলের বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী ঘটনাটিকে ‘মব সন্ত্রাস’ আখ্যা দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত গ্রহণের দাবি জানিয়েছেন। বিতৃতিতে তিনি বলেন, বটতলা পুলিশ ফাঁড়ির সামনে প্রায় ৩৮ বছর ধরে হাবিবুর রহমান ওরফে হাবিব শাহের দরবার পরিচালিত হয়ে আসছে। দরবারকে ঘিরে সংলগ্ন মাঠে নিয়মিত ধর্মীয় ও সাংস্কৃতিক নানা আয়োজন হয়। তার (হাবিব শাহ) ভাই খলিলুর রহমান দরবারেই থাকতেন। মঙ্গলবার ভোরে ৯০ বছর বয়সে খলিলুর রহমান মৃত্যুবরণ করেন। তার শেষ ইচ্ছে অনুযায়ী ভক্তরা ওইদিন দুপুরে খানকার ভেতরেই কবর দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন। এসময় দুপুর দুইটার দিকে একদল উচ্ছুঙ্খল লোক সেখানে বাঁধা প্রদান করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। তারা কবরের জন্য রাখা বাঁশসহ অনুসঙ্গ এবং দরবারের অন্যান্য মালামাল ভেঙে তছনছ করে। এমনকি খানকাটি তালা মেরে বন্ধ করে দেয়। পরবর্তীতে খলিলুর রহমানের মরদেহ কীর্তনখোলা তীরের চরকাউয়ার এআর খান এলাকায় দাফন করা হয়। ঘটনাটি পুলিশ ফাঁড়ির সামনে ঘটলেও তা ঠেকাতে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ডা. মনীষা চক্রবর্তী বলেন, গত বছরের ৫ আগস্টের পর অন্তর্র্বতীকালীন সরকারের সময় দেশে ৮০টিরও বেশি মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে বরিশাল নগরীতে পুলিশ ফাঁড়ির সামনে দরবারে হামলার ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বর প্রশ্ন তুলছে। এ ঘটনার তিনি (মনীষা চক্রবতী) নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।