বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগা ময়দানে পবিত্র ঈদ-উল ফিতরের প্রধান জামাত সকাল আটটায় অনুষ্ঠিত হবে। এ জন্য ইতোমধ্যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বরিশাল সিটি করপোরেশন। পাশাপাশি এবারই প্রথমবারের মতো নারীদের জন্য এখানে নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন প্রধান ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে কাজের অগ্রগতি দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করে বলেন, সরকারি কর্মকর্তাসহ সামাজিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নগরীর প্রধান ঈদের জামাতে অংশগ্রহণ করবেন। এখানে সুষ্ঠুভাবে নামাজ আদায়ের জন্য সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি এখানে খাবার পানি, টয়লেট ও মেডিক্যাল টিমেরও ব্যবস্থা রাখা হচ্ছে। জেলা ও মহানগর ইমাম সমিতি সূত্রে জানা গেছে, বরিশাল জেলায় হাজারেরও অধিক মসজিদ ও ঈদগাহ ময়দানে মুসুল্লীরা ঈদের নামাজ আদায় করবেন। পাশাপাশি প্রতিবছরের ন্যায় এবারও নগরীর বেশ কয়েকটি মসজিদে দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে কেন্দ্রীয় কসাই জামে মসজিদ, জামে এবায়েদুল্লাহ মসজিদ, বায়তুল মোকাররম মসজিদ, পোর্ট রোডের কেরামতিয়া জামে মসজিদে দুটি করে ঈদের জামাতের আয়োজন করা হবে। অপরদিকে চরমোনাই দরবার শরিফ, নেছারাবাদ ঈদগাহ ময়দান ও গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদে সকাল আটটা থেকে নয়টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টির কারণে ঈদগাহ ময়দানে নামাজ আদায় করতে না পারলে সেক্ষেত্রে স্ব-স্ব মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।