বগুড়ায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩, আহত ৯

এফএনএস (সৌরভ অধিকারী শুভ; শেরপুর, বগুড়া) : | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৬, ০১:০০ পিএম
বগুড়ায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩, আহত ৯

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের সোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রংপুরের কাউনিয়ার তালুক শাহাবাজ এলাকার শহিদুল ইসলামের মেয়ে গৃহপরিচারিকা তায়েবা, তৈয়ব আলীর ছেলে বেসরকারি চাকরিজীবী মমিনুল ইসলাম এবং মেয়ে গৃহিণী শিউলি বেগম। নিহতদের মধ্যে মমিনুল ও শিউলি ভাই-বোন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রংপুরের কাউনিয়ার দিকে যাচ্ছিল একটি হাইস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৯-৩০৪১)। সকাল সাড়ে সাতটার দিকে সোনকা এলাকায় পৌঁছালে দ্রুতগতির গাড়িটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের মাঝখানের আইল্যান্ডে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আহত ৯ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- মোছা. ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (১), আরহাম (৭) ও হামিম (৩০)। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. রইছ উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে