রংপুরের তারাগঞ্জ উপজেলায় সাম্প্রতিক সময়ের আলোচিত হত্যাকাণ্ডের শিকার ইলেকট্রিশিয়ান মনজুরুলের পরিবার ও মানসিক ভারসাম্যহীন হাসানের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে উপজেলা বিএনপি। মঙ্গলবার (১৭ মার্চ) বিকাল সাড়ে ৪টার সময় উপজেলা বিএনপির উদ্যোগে দুইটি পরিবারের মাঝে এক মাসের খাদ্যসামগ্রী ও নতুন কাপড় বিতরণ করা হয়। উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুর গ্রামের ইলেকট্রিশিয়ান মনজুরুলকে গত ২৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে দুর্বৃত্তরা গলা কেঁটে হত্যা করে। এ ঘটনায় তার পরিবার চরম অসহায় অবস্থায় পড়ে। অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া মানসিক ভারসাম্যহীন হাসান দীর্ঘ চার বছর ধরে শিকলবন্দি অবস্থায় ছিলেন তাকেও সহায়তা প্রদান করেন উপজেলা বিএনপি। সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিঠু, সাংগঠনিক সম্পাদক শাহীন চৌধুরী, আলমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ খান মেনন, কুর্শা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুর আমিনসহ স্থানীয় নেতাকর্মীরা। এছাড়াও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ইয়াহিয়া কাজল উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু বলেন, ‘আলোচিত এই দুইটি পরিবারের যেকোনো প্রয়োজনে তারাগঞ্জ উপজেলা বিএনপি সবসময় পাশে থাকবে।’