দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে কৃষিকাজের উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে ‘বড়ুয়া খাল’ পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকালে কুলাঘাট ইউনিয়নের বড়ুয়ার খালে এক জনাকীর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি। দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী ৫ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়িত হলে কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং গ্রামীণ জনপদে জলাবদ্ধতার অভিশাপ থেকে মানুষ মুক্তি পাবে। তিনি আরও জানান, পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ পানি উন্নয়ন বোর্ড, কৃষি মন্ত্রণালয়ের বিএডিসি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টায় এই বিশাল কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে। এসময় স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন পর এই খালটি পুনঃখনন হওয়ায় হাজার হাজার একর জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ। এর আগে সকালে লালমনিরহাটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। লালমনিরহাট সরকারি হাই স্কুল মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। পৌর এলাকার মোট ৪ হাজার ৬ শ ২৫ জন কার্ডধারীর প্রত্যেককে বিনামূল্যে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।