বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আয়োজিত এক ইফতার মাহফিলে যোগ দিতে যাচ্ছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট জয়নুল আবেদীন। আজ ১৮ মার্চ ২৮ রমজান অনুষ্ঠিতব্য এ ইফতার মাহফিলের আয়োজন করেছেন বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ছাত্রনেতা আজিজুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জয়নুল আবেদীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান আহমেদ খান। আয়োজক মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল হক জানিয়েছেন , বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ইনডোর মাঠে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজনদের অংশগ্রহণের কথা রয়েছে। এদিকে, আগামীকাল বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন সংসদ সদস্য জয়নুল আবেদীন। স্থানীয়দের প্রত্যাশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে। আয়োজকরা জানান, পবিত্র মাহে রমজানকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যেই এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।