যাত্রীদের ভোগান্তি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ৮কিঃমিঃ যানজট

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৬, ০৩:২৭ পিএম
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ৮কিঃমিঃ যানজট
প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করতে ঘরমুখী মানুষের ঢল নেমেছে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে। উত্তরাঞ্চলের প্রবেশপথ চন্দ্রা টার্মিনাল জুড়ে যাত্রীদের উপচে পড়া ভিড় ও যানবাহণের হাকডাক বাড়ায় জটলা সৃষ্টি হয়েছে। এর ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৮ কিলোমিটার জুড়ে যানবাহণ ধীরগতিতে চলছে। বুধবার (১৮ মার্চ) দুপুর থেকে চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় ঘরমুখী যাত্রীদের চাপ বেড়েছে। এতে মহাসড়কে চলাচলরত দূরপাল্লার বাসগুলো যাত্রী উঠাতে টার্মিনালে জটলার সৃষ্টি করায় কিছুটা ভোগান্তির সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা গেছে, চন্দ্রা বাস টার্মিনালের শেষ প্রান্ত খাড়াজোড়া এলাকায় সড়কের উপর যানবাহন থামিয়ে যাত্রী উঠাচ্ছে পরিবহণগুলো। এতে ঢাকা - টাঙ্গাইল মহাসড়কের সফিপুর আনসার একাডেমি এলাকা থেকে চন্দ্রার উড়ালসড়ক পর্যন্ত মোট ৮ কিলোমিটার অংশে থেমে থেমে চলছে যানবাহণ। এতে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। মায়ের দোয়া পরিবহণের চালক মুস্তফা মিয়া বলেন, পুরো সড়কে কোন যানজট নাই। শুধু চন্দ্রা আসতে গেলেই জ্যাম ঠেলতে হয়। এখানে আইনশৃঙ্খলা বাহিনী কেমন দায়িত্ব পালন করে তা বুঝতেছি না। শৃংখলার সাথে বাসগুলো যাত্রী উঠিয়ে ছাড়তে পারলে এই জ্যাম থালবে না। কয়েকজন যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, ঢাকা- টাঙ্গাইল সড়কের অন্যান্য স্থান ফাকা থাকলেও চন্দ্রা টার্মিনাল এলাকায় পৌছতে গেলেই যানজটে পড়তে হচ্ছে তাদের। এতে অনেকটা সময় ব্যয় হয়ে যাচ্ছে। স্ত্রী সন্তানদের নিয়ে পোহাতে হচ্ছে ভোগান্তি। গাজীপুর রিজয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম বলেন, গত দুদিন আগে থেকেই চন্দ্রা এলাকায় যাত্রীদের চাপ বেড়েছে। যেহেতু উত্তরাঞ্চলে প্রবেশের প্রধান সড়ক এটি এ জন্যে চন্দ্রা বাসস্ট্যান্ডে যানবাহন ও যাত্রীদের চাপ বেশি। যেটুকো ধীরগতির আছে এটা কমন সমস্যা। বাসগুলো স্টেশনে থেমে যাত্রী উঠাচ্ছে। যাত্রীরা রাস্তার উপর দাড়িয়ে আছে যার কারণে কিছুটা জটলা রয়েছে। তবে আমাদের পুলিশ এসব স্থানে কাজ করছে। পূর্বের তুলনায় এবছর ভোগান্তি অনেক কম হচ্ছে।
আপনার জেলার সংবাদ পড়তে