রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) দীর্ঘদিন পর আবারও মশা নিধনে ফগার মেশিন ব্যবহার শুরু করেছে। নগরবাসীকে মশার উপদ্রব থেকে স্বস্তি দিতে ১৫ দিনের বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১২ টায় নগরীর ভদ্রা আবাসিক এলাকায় নর্দমা ও জঙ্গল পরিষ্কার করে ফগার মেশিনের ধোঁয়া প্রয়োগের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রশাসক মাহফুজুর রহমান রিটন জানান, পবিত্র রমজান মাসের কথা বিবেচনায় রেখে আপাতত শুধুমাত্র সকালেই এই মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। নগরীর বিভিন্ন এলাকায় প্রতিদিন ধারাবাহিকভাবে ৫টি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হবে, যাতে অল্প সময়ের মধ্যেই পুরো নগরীকে এর আওতায় আনা যায়।
তিনি আরও বলেন, ১৫ দিনের এই বিশেষ কর্মসূচি শেষে পরিস্থিতি পর্যালোচনা করে পুনরায় একই ধরনের কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে, যাতে মশার বিস্তার নিয়ন্ত্রণে রাখা যায় এবং নগরবাসী স্বস্তিতে থাকতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের প্রধান কর্মকর্তা শেখ মামুন ডলার। এছাড়াও পরিচ্ছন্নতা বিভাগের সংশ্লিষ্ট কর্মীরা কার্যক্রম বাস্তবায়নে অংশ নেন। রাসিকের এ উদ্যোগে নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন পর ফগার মেশিনের ব্যবহার শুরু হওয়ায় মশার উপদ্রব কমবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন স্থানীয় বাসিন্দারা।