ঝিনাইদহে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার বিকেলে শহরের ফ্যামেলি জোন রেস্টুরেন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করা হয়। সেসময় সংগঠনটির জেলা শাখার আহ্বায়ক সাইদুর রহমান, যুগ্ম আহ্বায়ক তাশদীদ হাসান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, যুগ্ম সদস্য সচিব রাসেল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়, গত ৭ মার্চ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যাকে ভিন্নখাতে প্রভাবিত করার পায়তারা করা হচ্ছে। যে কারণে বাসে অগ্নিসংযোগ ও তেল পাম্পে ভাঙচুরের ঘটনাকে পুঁজি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবনের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়। এসব মামলা প্রত্যাহারসহ সকল ঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করা হয় সংবাদ সম্মেলন থেকে।