দৌলতপুর সীমান্তে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ বিওপিসমূহের দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করা হয়েছে। ১৮ মার্চ চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মরার পাড়া মাঠে একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৪০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১২৭০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৬৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৮,০৪,৫৭৫/- (আট লক্ষ চার হাজার পাঁচশত পঁচাত্তর) টাকা। জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মহরমপুর মাঠে অপর একটি অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। উক্ত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫২০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ১,৫৬,০০০/- (এক লক্ষ ছাপান্ন হাজার) টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।