দিনাজপুরের চিরিরবন্দরে পরিত্যক্ত অবস্থায় ১৮ লক্ষ টাকা মুল্যের ৩ বস্তা গাঁজা ও মাদক বিক্রিকালে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। থানা থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত ১৭ মার্চ মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯ টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের চিরিরবন্দর গ্রামের দারুল ফালাহ মাদরাসার সামনে এস আই আশরাফুল হকের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ অভিযান চালিয়ে ৩১ পিস টাপেন্টাডলসহ নান্দেড়াই গ্রামের মৃত মমিন উদ্দিনের ছেলে মোকছেদুল ইসলাম (৪৩), চিরিরবন্দর আদর্শ পাড়ার আইয়ুব আলীর ছেলে মাহামুদুল ইসলাম (২২) ও একই পাড়ার আইন উদ্দিনের ছেলে এবং চিরিরবন্দর উপজেলা পরিষদের কর্মচারী আল আমিন (৩৫) কে আটক করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।অপরদিকে গতকাল ১৮ মার্চ সকালে উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের মাদারগঞ্জ বাজারে এস আই রাজু আহমেদ, এস আই ওহাব, এস আই জালাল উদ্দিন, এএসআই রনজু মিয়া, এএসআই হেমন্ত কুমার এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশের একটি টহলদলের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা কাভার্ড ভ্যান যোগে মাদারগঞ্জ হতে চিবুক মন্দিরগামী বৈদেশীর রাস্তায় পাালানোর চেষ্টা করলে পুলিশ পিছনে ধাওয়া দেয়। এতে মাদক ব্যবসায়ীরা কাভার্ড ভ্যান রেখে পালিয়ে যায়। এসময় কাভার্ড ভ্যানে তল্লাশী করে ১৮ লক্ষ টাকা মুল্যের ৩ বস্তা গাঁজা (৬০ কেজি) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী বলেন, আটককৃত আদালতে সোপর্দ করা হয়েছে। পরিত্যক্ত গাঁজাগুলি জব্দ করে একটি মামলা রুজু করা হয়েছে।