চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার

এফএনএস | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৬, ০৮:২৩ এএম
চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে শুক্রবার, ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ফলে এ বছর সেখানে রমজান মাস পূর্ণ ৩০ দিন হচ্ছে।

বুধবার সন্ধ্যায় সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠক করে জানায়, দেশের কোথাও নতুন চাঁদের দেখা মেলেনি। ইসলামী নিয়ম অনুযায়ী চাঁদ দেখার ভিত্তিতেই নতুন মাস নির্ধারণ করা হয়, সেই ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন এবং আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনেও একই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে ঈদকে সামনে রেখে আগেই ছুটির ঘোষণা দিয়েছে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য বুধবার রাত থেকেই ছুটি শুরু হয়েছে, যা চলবে চার দিন পর্যন্ত।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগেভাগেই ছুটির বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে, যাতে প্রতিষ্ঠানগুলো কাজের পরিকল্পনা ঠিক রাখতে পারে এবং কর্মীরাও স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারেন।

এবার সৌদি আরবে ৩০ রোজা পূর্ণ করে শুক্রবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

আপনার জেলার সংবাদ পড়তে