লক্ষ্ণীপুরে

ঝড়ে ভেঙে পড়া গাছে সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) :
| আপডেট: ১৯ মার্চ, ২০২৬, ১০:৫১ এএম | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৬, ১০:৪৮ এএম
ঝড়ে ভেঙে পড়া গাছে সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

লক্ষ্ণীপুরে ঝড়ের সময় সড়কে ভেঙে পড়া গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ কলেজের সামনে লক্ষ্ণীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, রাতে হঠাৎ শুরু হওয়া প্রবল ঝড়ে সড়কের ওপর একটি বড় গাছ ভেঙে পড়ে। ঠিক সেই সময় মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন মনোহরী দাস নামে এক যুবক। অন্ধকারে সড়কের ওপর পড়ে থাকা গাছটি দেখতে না পেয়ে তিনি সজোরে ধাক্কা খান। এতে গুরুতর আহত হন তিনি। রাতেই স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লক্ষ্ণীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মনোহরী দাস কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের কর্মজীত সাধুর ছেলে। তিনি মোটরসাইকেলে একাই ছিলেন। স্থানীয়দের অভিযোগ, ঝড়ের সময় সড়কে গাছ পড়ে থাকলেও তা দ্রুত সরানোর কোনো ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তারা বলেন, সময়মতো ব্যবস্থা নিলে হয়তো প্রাণহানি এড়ানো যেত। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সড়কে জরুরি সতর্কতা ও দ্রুত উদ্ধার কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কমর্র্কতা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, ঝড়ের কারণে সড়কে একটি গাছ ভেঙে পড়ে। ওই গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে