১৯৫২'র সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ওরফে ছরু কাজীর ২০ তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে ভাষা সৈনিকের জন্মস্থান বরিশালের গৌরনদী ও ঢাকাস্থ ধানমন্ডির বাসভবনে ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়েছে। ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির জানিয়েছেন, এ উপলক্ষে তার জন্মভূমি গৌরনদীর ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং লাখেরাজ কসবা গ্রামে মরহুমের পারিবারিক উদ্যোগে ভাষা সৈনিকের কবর জিয়ারত ও মসজিদ প্রাঙ্গনে এবং ঢাকা ধানমন্ডির নিজ বাসভবনে দিনব্যাপী কোরান খতম ও দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে। জানা গেছে, ১৯২৭ সালের ২৩ ডিসেম্বর লাখেরাজ কসবা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন কাজী গোলাম মাহবুব ওরফে ছরু কাজী। তিনি ওই গ্রামের কাজী আব্দুল মাজেদের জ্যেষ্ঠপুত্র।