গাইবান্ধার পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নের রামচন্দ্রপুর (বৃন্দাবনপাড়া) গ্রামের শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস তরণী দাসের উদ্যোগে দরিদ্র-অসহায় মুসলিম নারী-পুরুষের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে ৪ হাজার ৬’শ শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য আবুল কাওছার মো. নজরুল ইসলাম লেবু। এসময় শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস, হোসেনপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাও. রবিউল ইসলাম বিদ্যুৎ, শিক্ষক সুভাষ চন্দ্র ও মন্দির কমিটির সেক্রেটারী বিপিন বর্মনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাবু হরিদাস বলেন, আমি সবসময় সকল ধর্মালম্বীদের আমার সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছি। এখনও করছি। যতদিন বেঁচে থাকবো কোনো পিছুটান থাকবেনা। ভবিষ্যতেও করে যাবো। শাড়ী ও লুঙ্গি পেয়ে উপকৃত পরিবারগুলো হরিদাস বাবু’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ছাড়াও এমন মানবিক উদ্যোগ সমাজে সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।