গাইবান্ধার পলাশবাড়ীতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় ও দুঃস্থ মানুষের মুখে হাসি ফোঁটাতে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে সরকার। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্যের জন্য বরাদ্দকৃত ১০ লাখ টাকা ও ৭’শ পিস শাড়ি থেকে ৬৭০টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) পলাশবাড়ী উপজেলা পরিষদ হলরুম থেকে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য আবুল কাওছার মো. নজরুল ইসলাম লেবু। পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা জামায়াতের আমীর কিশোরীগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাও. আব্দুল মজিদ আকন্দ, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি অধ্যাপক একরামুল হক সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এতে পলাশবাড়ীর ১টি পৌরসভা ও উপজেলা ৮টি ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ৪’শ জনকে ১ হাজার টাকা করে নগদ অর্থ এবং ২৭০ জনকে শাড়ি প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাও. নজরুল ইসলাম লেবু বলেন, ‘ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষ সমানভাবে উপভোগ করতে পারে, সেটিই আমাদের লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক জিয়ার মানবিক নেতৃত্বে দেশের কোনো মানুষ যেন অভুক্ত বা কষ্টে না থাকে, সে লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকের এই সামান্য সহায়তা হয়তো বড় কিছু নয়, কিন্তু এটি ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতীক। আমরা চাই, সমাজের বিত্তবানরাও এগিয়ে আসুক-তাহলেই একটি বৈষম্যহীন মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।’