পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নে অসচ্ছল পরিবারের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছে সামাজিক সংগঠন প্রত্যাশা ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে বুধবার (১৮ মার্চ) বিকেলে চিনাডুলি বাঘিয়া এম.আর উচ্চ বিদ্যালয় মাঠে ৮০টি দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শাহীন আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কাউসারের সার্বিক ব্যবস্থাপনায় এসব ঈদ উপহার বিতরণ করা হয়। সদস্য শাহরিয়ার আল সাজিদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পথের সাথী পরিবহনের ম্যানেজিং ডাইরেক্টর ও উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা গোলাম মোস্তফা জাহাঙ্গীর, তরগাঁও ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মামুনুর রশিদ লিটন, তরগাঁও ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ফুটবলার রফিকুল ইসলাম নয়ন । এছাড়াও উপস্থিত ছিলেন প্রত্যাশা ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সদস্য মেজবাহ উদ্দিন রাজু, উপদেষ্টা সদস্য আব্দুস সাত্তার মাঝি, সদস্য আক্তার হোসেন মাঝি, মোঃ রনি, আশরাফুল ইসলাম মাসুম, বিল্লাল হোসেন, তারেক হোসেন, মাসুদ মাঝি, পিয়াস, পারভেজ হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঈদ উপহার হিসেবে প্রতিটি পরিবারকে ১ কেজি পোলাওর চাল, ১ লিটার ভোজ্য তেল, আধা কেজি চিনি, ১ প্যাকেট সেমাই, ১ প্যাকেট দুধ, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, আধা কেজি ডাল এবং নগদ ২'শ টাকা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
উপকারভোগীরাও সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ—এই বার্তা নিয়েই প্রত্যাশা ফাউন্ডেশন সমাজে মানবিকতার আলো ছড়িয়ে যেতে কাজ করে যাচ্ছে।