চাটমোহরে শিলাবৃষ্টিতে ফল ও ফসলের ক্ষতি,দুশ্চিন্তায় চাষিরা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৬, ০৩:৫৭ পিএম
চাটমোহরে শিলাবৃষ্টিতে ফল ও ফসলের ক্ষতি,দুশ্চিন্তায় চাষিরা

পাবনার চাটমোহরে কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টিতে ফল ও ফসলের বেশ ক্ষতি হয়েছে। ঝড় আর শিলাবৃষ্টির কারণে চলনবিল অধ্যুষিত এই উপজেলার বোরো চাষিরা চিন্তায় পড়েছেন। মৌসুমের শুরুতেই এমন ঝড় আর শিলাবৃষ্টি শুরু হয়েছে,তাতে খেতের ফসল নিয়ে তারা চিন্তিত।  গত বুধবার (১৮ মার্চ) সন্ধ্যার পরপরই চাটমোহরে শুরু হয় কালবৈশাখীর তান্ডব। সাথে ব্যাপক শিলাবৃষ্টি। একটানা ঝড় আর শিলাবৃষ্টিতে এ উপজেলার আম,লিচু,কালোজিরা,পেঁয়াজ,রসুন,গমসহ বিভিন্ন ফসল ও শাকসবজির ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টির কারণে উৎকণ্ঠা প্রকাশ করেছেন প্রান্তিক পর্যায়ের কৃষকেরা। প্রায় ২ ঘন্টাব্যাপী বৃষ্টি হয়েছে। মাঝে মধ্যেই ছিল ঝড়ো হওয়া ও শিলাবৃষ্টি।  জানা গেছে,চলতি মৌসুমে চাটমোহর উপজেলায় ৮ হাজার ৯৬০ হেক্টর জমিতে বোরো ধান,৮১৫ হেক্টর জমিতে পেঁয়াজ,৪ হাজার ৬৮০ হেক্টর জমিতে রসুন,৩ হাজার ৬৫০ হেক্টর জমিতে গম,১ হাজার ৮০০ হেক্টর জমিতে ভুট্টা,৭০ হেক্টর জমিতে কালোজিরা ও ১ হাজার ৪২৫ হেক্টর জমিতে শাকসবজির আবাদ হয়েছে। এছাড়া ৮০০ হেক্টর জমিতে রয়েছে আম ও লিচুর বাগান। বুধবারের ঝড় ও শিলাবৃষ্টিতে আম,লিচু ও ফসলের বেশ ক্ষতি হলেও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে,ঝড় ও শিলাবৃষ্টিতে ২৩ দশমিক ৬৫ হেক্টর জমির ফল ও ফসলের ক্ষতি হয়েছে। এরমধ্যে বোরো ধানের ক্ষতি হয়েছে ৪ হেক্টর,ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ১৩৫ জন,পেঁয়াজের ক্ষতি হয়েছে ২ দশমিক ৮০ হেক্টর,ক্ষতিগ্রস্ত কৃষক ৮০ জন,রসুনের ক্ষতি হয়েছে ২ দশমিক ৬৫ হেক্টর,ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ১০৫ জন,গমের ক্ষতি হয়েছে ৩ দশমিক ৯০ হেক্টর,ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ১৩০ জন,ভুট্টার ক্ষতি হয়েছে সাড়ে ৩ হেক্টর,ক্ষতিগ্রস্ত কৃষক ১৬০ জন,শাকসবজির ক্ষতি হয়েছে ২ দশমিক ২০ হেক্টর,ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ১৪০ জন,১ হেক্টর জমির কালেজিরা ক্ষতি হয়েছে আর ক্ষতিগ্রস্ত কৃষক ২৮ জন। এছাড়া এ উপজেলায় ৩ দশমিক ৬০ হেক্টর জমির বাগানে আম ও লিচুর ক্ষতি হয়েছে,ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ১৮০ জন।   উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান,বুধবার সন্ধ্যার পর থেকে এ উপজেলার সর্বত্র ঝড়ো হাওয়া ও  শিলাবৃষ্টি হয়েছে। তবে এতে ধানের এখনও তেমন ক্ষয়ক্ষতি হয়নি। কিছু ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতি এড়াতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে