ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কোন যানজট নেই। তবে সড়কের বিভিন্ন অংশে যানবাহন থেমে থেমে গাড়ী চলাচল করছে। যাত্রীদের অভিযোগ বাস ভাড়া আগের চেয়ে তিনগুন বেশী নেয়া হচ্ছে। মহাসড়কের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, ভালুকা উপজেলার বাসস্ট্যান্ড যেমন মাওনা,জৈনাবাজার,স্কয়ার মাস্টারবাড়ি, সিডস্টোর,ভালুকা অংকে যানজট সৃষ্টি হয়েছে। ফলে গাড়ী ধীরগতিতে চলাচল করছে। যাত্রীদের ট্রাক, মিনি ট্রাক, পিকআপে করেও গন্তব্যে যেতে দেখা গেছে। যাত্রীদের অভিযোগ, স্বাভাবিক সময়ের তুলনায় অনেক ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। শেরপুরগামী যাত্রী শান্ত আহমেদ বলেন, ভাড়া প্রায় দুই থেকে তিন গুণ বেশি নেওয়া হচ্ছে। তবুও পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে বাধ্য হয়েই বাড়ি যাচ্ছি। ময়মনসিংহগামী সাইফুল জানান, বড় ধরনের যানজট না থাকলেও সড়কের মাঝে যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামার কারণে বারবার থামতে হচ্ছে। এতে সময় বেশি লাগছে এবং যাত্রীরা ক্লান্ত হয়ে পড়ছেন। এদিকে, ময়মনসিংহের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভালুকা উপজেলায় অসংখ্য শিল্পকারখানা থাকায় ধাপে ধাপে ঈদের ছুটি শুরু হয়েছে। ফলে শ্রমিকদের ঘরমুখো চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে, যা মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি করতে পারে। ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আহমেদ বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে তারা ভোর থেকেই মাঠে কাজ করছেন এবং কোথাও দীর্ঘ যানজট সৃষ্টি না হয় সে বিষয়ে নজরদারি জোরদার করা হয়েছে।