চিরনিদ্রায় শায়িত চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৬, ০৪:৩৪ পিএম
চিরনিদ্রায় শায়িত চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক

সকলকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষীয়ান রাজনীতিক,সমাজসেবক ও চাঁদপুর ৩ আসনের সাবেক দুই বারের সংসদ সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা জিএম ফজলুল হক। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এবং চাঁদপুর বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে পৃথক দুটি নামাজে জানাজা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর হূদয় নিংড়ানো ভালোবাসার মধ্য দিয়ে বৃহস্পতিবার (১৯ মার্চ,২০২৬) দুপুরে তাকে বাবুরহাট বাজারস্থ নিজের গড়া দৃষ্টিনন্দন বাড়ি জিএম ফজলুল হক 'হক মহল' এর মসজিদের পাশে  কবরস্থানে দাফন করা হয়। সকল মহলে অসম্ভব জনপ্রিয় জিএম ফজলুল হক কে  একটু দেখতে এবং শ্রদ্ধা জানাতে তার জানাজায় ছিল শত শত জনতার ঢল।  বৃহস্পতিবার ১৯ মার্চ সকাল ১১ টায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লী এবং দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে  চাঁদপুর সদর বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন বাবুরহাট জামে মসজিদের খতিব ও ইমাম মূফতি ফারুক আহমেদ।মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন এবং জানাজায় অংশ নেন ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি, শেখ ফরিদ আহমেদ মানিক এমপি, আলহাজ্ব এম এ হান্নান এমপি, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম ও পরিবারের পক্ষ থেকে মরহুমের ছোট ছেলে ব্যারিস্টার জিকু।জানাজা অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান ও মরহুম চেম ফজলুল হকের ভাগিনা চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জসিম মেহেদী।  পরে বাবুরহাট বাজারস্থ সাবেক এমপি জি এম ফজলুল হকের বাড়ি হক মহল মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়।  চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক ১৭ মার্চ সন্ধ্যা ৬.৩০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।  তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে চাঁদপুর জেলা বিএনপির সহ বিভিন্ন মহল।উল্লেখ্য, ওয়ান ইলেভেন পরবর্তী ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জিএম ফজলুল হক চাঁদপুর সদর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার দীপু মনির কাছে হেরে যান। তার এই পরাজয়ে স্থানীয় রাজনীতিতে এবং দলের ষড়যন্ত্র ছিল বলে আলোচনা ছিল। ওই নির্বাচন এবং আওয়ামী লীগ সরকারের শুরুতে তিনি হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ২০০৯ সালের পর জিএম ফজলুল হকের রাজনীতিতে আর ফেরা হয়নি। দীর্ঘ অসুস্থতায় অবশেষে নতুন বাংলাদেশে বিএনপি যখন ক্ষমতায় তারেক রহমান প্রধানমন্ত্রী আর এই সময়ে চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক চলে গেলেন না ফেরার দেশে।

আপনার জেলার সংবাদ পড়তে