দিনাজপুরের খানসামায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে দিনাজপুর-৪ আসনের বরাদ্দকৃত নগদ অর্থ মানবিক সহায়তা হিসেবে গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। গতকাল ১৯ মার্চ বৃহস্পতিবার বেলা ১১ টায় খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে গরিব ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ মানবিক সহায়তা বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি। এছাড়াও প্রধান অতিথি সমাজের পিছিয়ে পড়া মানুষদের স্বাবলম্বী করে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর উদ্যোগে গৃহিত কার্যক্রমের অংশ হিসেবে সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নাধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অনুদান থেকে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুবিধাভোগীদের হাতে ব্লাক বেঙ্গল জাতের ছাগল ও আর্থিক অনুদান বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে এসময় উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আমিনুল হক চৌধুরী বিএসসি, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও ভাবকি ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপির সদস্য সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল ও জিল্লুর রহমান, মোঃ শরিফুল ইসলাম প্রধান, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।