সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্ণীপুরের ১১টি গ্রামে শুক্রবার সকালেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বড়াঘরিয়া, হাটাতিয়া, শরশাই, কাঞ্চনপুর এবং রায়পুর উপজেলার কলাকাপাসহ মোট ১১টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি এদিন ঈদের নামাজ আদায় করেন। সকাল সাড়ে ৭টায় রামগঞ্জ উপজেলার খানকাহে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মুহাম্মদ রুহুল আমিন। এছাড়াও এসব গ্রামের বিভিন্ন ঈদগাহ মাঠে পৃথক পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মাওলানা ইসহাক (রহ.)-এর অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদসহ সকল ধর্মীয় উৎসব পালন করে আসছেন। জানা যায়, গত প্রায় ৪৭ বছর ধরে তারা এ প্রথা অনুসরণ করে আগাম ঈদ উদযাপন করছেন।