মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে ওয়াশিংটন

এফএনএস | প্রকাশ: ২০ মার্চ, ২০২৬, ০৪:১৫ পিএম
মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে ওয়াশিংটন

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান সংঘাতময় পরিস্থিতিতে নিজেদের সামরিক অবস্থান আরও সুসংহত করতে নতুন করে যুদ্ধজাহাজ ও কয়েক হাজার অতিরিক্ত সেনা পাঠানোর চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম 'নিউজম্যাক্স'-এর এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক চারজন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, পেন্টাগন মধ্যপ্রাচ্যে প্রায় ৪ হাজার মেরিন ও নৌসেনা সদস্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো ইরানের বিরুদ্ধে লড়াইরত মার্কিন ও মিত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা এবং উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিশেষ প্রস্তুতি রাখা।

এবারের সামরিক সজ্জায় ‘বক্সার এমফিবিউয়াস রেডি গ্রুপ’ (Boxer Amphibious Ready Group) নামের একটি শক্তিশালী নৌবহর মোতায়েন করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল থেকে রওনা হতে যাওয়া এই বহরে আধুনিক সমরাস্ত্রের এক বিশাল ভাণ্ডার রয়েছে। নিউজম্যাক্সের তথ্যমতে, এই নৌবহরে অত্যাধুনিক এফ-৩৫ (F-35) স্টিলথ যুদ্ধবিমান, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং স্থলে অভিযানের জন্য উপযোগী উভচর যুদ্ধযান যুক্ত রয়েছে।

উল্লেখ্য, এর আগেও মধ্যপ্রাচ্যে নিজেদের শক্তি বাড়াতে প্রায় ২ হাজার ৫০০ মেরিন সেনা এবং ‘ইউএসএস ট্রিপলি’ নামক একটি বিশাল উভচর সামরিক জাহাজ পাঠিয়েছিল মার্কিন প্রশাসন। নতুন করে এই বিশাল বাহিনী ও অত্যাধুনিক নৌবহর মোতায়েনের সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের বিদ্যমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।

আপনার জেলার সংবাদ পড়তে