শাওয়ালের চাঁদ দেখা গেছে, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর

এফএনএস | প্রকাশ: ২০ মার্চ, ২০২৬, ০৮:২৯ পিএম
শাওয়ালের চাঁদ দেখা গেছে, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর

অবশেষে অবসান হলো অপেক্ষার। বাংলাদেশের আকাশে দেখা দিয়েছে শাওয়াল মাসের সরু এক ফালি নতুন চাঁদ। ফলে দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা শেষে আগামীকাল শনিবার (২১ মার্চ) সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনায় পালিত হবে মুসলিম উম্মাহর সর্ববৃহৎ উৎসব পবিত্র ঈদুল ফিতর।

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাঁদ দেখার সংবাদ প্রাপ্তি ও তা পর্যালোচনার পর মন্ত্রী আনুষ্ঠানিকভাবে শনিবার ঈদ উদযাপনের ঘোষণা দেন।

শুক্রবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে পর্যটন নগরীর লাবণী পয়েন্টে শাওয়াল মাসের প্রথম চাঁদ স্পষ্টভাবে দেখা যায়। জেলা চাঁদ দেখা কমিটির সদস্যরা সৈকতের বীচ ম্যানেজমেন্ট কমিটির গোলঘরে আয়োজিত বৈঠকে বসে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন। কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদের পেশ ইমাম ও জেলা চাঁদ দেখা কমিটির সদস্য মুফতি সোলাইমান কাশেমি বলেন, "পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে। ইনশাআল্লাহ, ধর্মপ্রাণ মুসল্লিরা শনিবার ঈদ উৎসব পালন করবেন।"

চাঁদ দেখার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই দেশজুড়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। পাড়ায় পাড়ায় বেজে উঠেছে ঈদের চিরচেনা সুর। ঘরে ঘরে শুরু হয়েছে উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি।


উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৃহস্পতিবার চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ ওই অঞ্চলের দেশগুলোতে আজ শুক্রবার ঈদ উদযাপিত হচ্ছে। তবে এরও একদিন আগে গত বৃহস্পতিবার আফগানিস্তান, মালি ও নাইজারে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ভৌগোলিক অবস্থানের কারণে এবার বাংলাদেশে একদিনের ব্যবধানে ঈদ পালিত হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে