দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

এফএনএস | প্রকাশ: ২০ মার্চ, ২০২৬, ০৮:৩৩ পিএম
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ মার্চ) দেওয়া এক বিশেষ বাণীতে তিনি ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও কঠোর আত্মসংযমের পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের অমিয় ধারা। রমজান আমাদের যে ত্যাগ, ধৈর্য এবং আত্মশুদ্ধির শিক্ষা দিয়েছে, তা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত সার্থকতা। তিনি উল্লেখ করেন, এই এক মাসের সাধনা আমাদের অন্যের দুঃখ-কষ্ট অনুভব করতে এবং আত্মসংযমী হতে শেখায়।

তারেক রহমান বলেন, "ঈদ আমাদের শিখায় ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে। এই আনন্দঘন দিনে আমাদের অঙ্গীকার হওয়া উচিত সমাজের অসহায় ও নিপিড়ীত মানুষের পাশে দাঁড়ানো। সবার সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমেই ঈদের মহিমা পূর্ণতা পায়।"

তিনি আরও প্রত্যাশা করেন যে, পবিত্র ঈদুল ফিতরের এই শিক্ষা আমাদের জাতীয় ঐক্য ও পারস্পরিক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে। বাণীর শেষে প্রধানমন্ত্রী একটি মানবিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির সুখ, শান্তি এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে