ঈদের সকালে ১৫ অঞ্চলে কালবৈশাখীর শঙ্কা, নদীবন্দরে সতর্কতা সংকেত

এফএনএস | প্রকাশ: ২১ মার্চ, ২০২৬, ১০:১৫ এএম
ঈদের সকালে ১৫ অঞ্চলে কালবৈশাখীর শঙ্কা, নদীবন্দরে সতর্কতা সংকেত

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উদযাপনের মধ্যেই দেশের বড় একটি অংশে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (২১ মার্চ) দুপুর পর্যন্ত ঢাকাসহ দেশের ১৫টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া বিশেষ পূর্বাভাসে জানানো হয়েছে— ঢাকা, টাঙ্গাইল, পাবনা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময়ে বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

আজ ঈদের দিন সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা ও গুমোট হয়ে আছে। সকাল পৌনে ৮টার পর থেকে শহরের বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এছাড়া দেশের দক্ষিণাঞ্চলে গত রাত থেকেই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বলে জানা গেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৬.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ঢাকার পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির কারণে ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঈদের দিন সকালে বৃষ্টির এই বাগড়ায় খোলা মাঠে আয়োজিত জামাতগুলোতে মুসল্লিদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি লঘুচাপের প্রভাবেই এই আকস্মিক আবহাওয়া পরিবর্তন।

আপনার জেলার সংবাদ পড়তে