বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশবাসীকে সঙ্গে নিয়ে আগামীতে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান তিনি। তিনি বলেন, সবার আন্তরিকতা ও সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গঠন সম্ভব। তার নিজ জেলা লক্ষ্ণীপুরে শনিবার (২১ মার্চ) সকালে লক্ষ্ণীপুর জেলা মডেল মসজিদ ঈদগাঁয় পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এক মাস ধরে আমরা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছি। আমাদের আন্তরিকতা ইতোমধ্যেই দৃশ্যমান হয়েছে। দেশবাসীর সহযোগিতায় আমরা সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তিনি আরও বলেন, ঈদ আনন্দের দিন, খুশির দিন। আজ আমরা সবাই মিলে ঈদ উদযাপন করছি। লক্ষ্ণীপুরসহ দেশবাসীকে জানাই আন্তরিক ঈদ মোবারক। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্ণীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, স্থানীয় বিএনপির নেতৃবিন্দুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। মন্ত্রী আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।