নওগাঁর মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। ঈদের জামাতপূর্ব বক্তব্যে সকলকে দেশের স্বার্থে এক থাকার তাগিদ দিয়েছেন এলাকার এমপি ফজলে হুদা বাবুল।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় উপজেলা সদরের হাইস্কুল মাঠে। কয়েক হাজার মানুষ জামাতে অংশ নেন। জামাত শুরুর আগে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ফজলে হুদা বাবুল স্থানীয়দের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি বলেন, “এটা সাম্যের জায়গা, সবাই মিলে থাকার জায়গা, ঐক্যের জায়গা। এটা যেন আগামীতে মহাদেবপুর তথা সারা বাংলাদেশের জন্য ঐক্যের বন্ধন থাকে, আমরা যেন দেশের জন্য সবাই এক থাকতে পারি, দেশের স্বার্থে এক থাকি, একমত পোষণ করি।” এমপি বলেন, “আপনারা আমাকে ভোটে নির্বাচিত করেছেন, ব্যাপক ভোট দিয়েছেন, ইতিহাসের সর্বোচ্চ ভোট দিয়েছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। দোওয়া করবেন আল্লাহ যেন সুস্থ্য রাখেন এবং আপনাদের সাথে থাকতে পারি, পাশে থাকতে পারি, আপনাদের দু:সময়েও থাকতে পারি, এরকম আনন্দের দিনেও সাথে থাকতে পারি।” অন্যদের মধ্যে ইউএনও মো: আরিফুজ্জামান ও মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলামও বক্তব্য দেন। তারা ঈদের শুভেচ্ছা জানান এবং মোটরসাইকেল চালানোতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। উপজেলা কেন্দ্রীয় জামেহ মসজিদের পেশ খতিব মাওলানা জিল্লুর রহমান নামাজে ইমামতি করেন ও খুৎবা দেন। এসময় গতকাল রাতে ইন্তেকাল করা শিক্ষক আব্দুর রশিদের নামাজে জানাযার নামাজও অনুষ্ঠিত হয়। নামাজ শেষে এমপি স্থানীয়দের সাথে ধর্মীয় আচার কোলাকুলিতে অংশ নেন। এসময় অন্যদের মধ্যে বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন্নবী সান্ডো, মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট, সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন ও আব্দুল হান্নান, বিএনপি নেতা ভিপি এনামুল হক, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুন, ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি প্রমুখ এমপির সঙ্গে ছিলেন। ঈদ উপলক্ষে উপজেলা সদরের ডবলওয়ের সড়ক দ্বীপগুলো রঙ্গীন পতাকা শোভিত করা হয়েছে। চালু করা হয়েছে মাছের মোড়, বকের মোড় ও কেন্দ্রীয় মসজিদের নান্দনিক ফোয়ারা। এবার ঈদে উপজেলার ১০টি ইউনিয়নে মোট ২৮ হাজার ৫৮৬ দু:স্থ পরিবারের মধ্যে ১০ কেজি করে মোট ২৮৫ দশমিক ৮৬০ মেট্রিক টন চাল বিনামূল্যে বিতরণ করা হয়েছে। গতকাল সকালে উপজেলা সদরের মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দু:স্থদের মধ্যে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবী বিতরণ করেছেন এমপি ফজলে হুদা বাবুল।