কিশোরগঞ্জে ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২১ মার্চ, ২০২৬, ০২:২৭ পিএম
কিশোরগঞ্জে ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত

বরাবরের মতো এবারও কিশোরগঞ্জের শোলাকিয়ার ঐতিহাসিক ঈদগাহ ময়দানে দেশের অন্যতম বড় ঈদের জামাত অনুষ্ঠিত হলো। সেখানে অংশ নেন আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত অন্তত ৭ লাখ মুসল্লি। শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় অনুষ্ঠিত ১৯৯তম ঈদুল ফিতরের এই জামাতে ইমামতি করেন শহরের বড়বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও কঠোর নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় জামাত। জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা জানান, দেশ-বিদেশ থেকে আগত লাখো মুসল্লির অংশগ্রহণে এবারের জামাত ছিল নজিরবিহীন। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ খান সোহেল (ভিপি সোহেল), পুলিশ সুপার ড. এস এম ফরহাদ, সদর উপজেলার নির্বাহী অফিসার মো: কামরুল হাসান মারুফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জামাতে অংশগ্রহণ করেন।  মুসল্লিদের ভিড়ে কানায় কানায় পূর্ণ ছিল ঈদগাহ ময়দান। ঈদের নামাজের মোনাজাতে মুসল্লিরা দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনায় দোয়া করেন। বড় জামাতে বেশি মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলে দোয়া কবুল হয়- এমন আকর্ষণে সকাল থেকেই এই ঈদ জামাতে নামাজ আদায়ের জন্য কিশোরগঞ্জ ও আশপাশের জেলাসহ বিভিন্ন এলাকা থেকে আসেন ৭ লক্ষাধিক মুসল্লি। শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা জানান, দূর-দূরান্তের মুসল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়া স্পেশাল নামে দুটি ট্রেনের ব্যবস্থা ছিল রেল কর্তৃপক্ষের। ময়মনসিংহ ও ভৈরব থেকে দুটি বিশেষ ট্রেন কিশোরগঞ্জে আসে। মুসল্লিদের অজু ও সুপেয় পানির ব্যবস্থা, মেডিকেল টিম ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। তিনি আরও জানান, কিশোরগঞ্জ শহরের পূর্বপ্রান্তে নরসুন্দা নদীর তীরঘেঁষে প্রায় সাড়ে ৬ একর জমির ওপর শোলাকিয়া ঈদগাহ ময়দান। মুসল্লিরা এই ময়দানে দলে দলে প্রবেশ করেন। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ জামাত আয়োজনে সবার সহযোগিতা ছিল বলে তিনি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে