ঝড়-বৃষ্টি কমে তাপমাত্রা বাড়ার আভাস

এফএনএস | প্রকাশ: ২২ মার্চ, ২০২৬, ০৮:০৩ এএম
ঝড়-বৃষ্টি কমে তাপমাত্রা বাড়ার আভাস

দেশজুড়ে কয়েকদিন ধরে চলা ঝড়-বৃষ্টি ধীরে ধীরে কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর পাশাপাশি আগামী দিনগুলোতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনাও রয়েছে।

ঈদের দিন শনিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগ ছাড়া দেশের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে। রাজধানী ঢাকায় সকাল থেকেই মেঘলা আকাশ ও হালকা বৃষ্টিপাত দেখা গেছে, তবে তাতে ঈদের জামাতে বড় কোনো বিঘ্ন ঘটেনি।

এদিন রংপুর ও বরিশাল বিভাগে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি ছিল। সবচেয়ে বেশি ৪১ মিলিমিটার বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এছাড়া পটুয়াখালীর খেপুপাড়ায় রেকর্ড করা হয়েছে ৩০ মিলিমিটার বৃষ্টিপাত।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

এই সময়ে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিনে বৃষ্টির প্রবণতা আরও কমে গিয়ে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে।

এদিকে বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে নদীবন্দরগুলোর জন্য সতর্কতা জারি করা হয়েছে। রংপুর থেকে শুরু করে চট্টগ্রাম ও সিলেট পর্যন্ত বিস্তৃত এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নরসিংদীতে ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরে ১৫ ডিগ্রি সেলসিয়াস।