মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানের প্রতি সমর্থন জানিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নওরোজ উপলক্ষে পাঠানো শুভেচ্ছা বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে এই বার্তা দেন।
পুতিন তার বার্তায় বলেন, কঠিন এই সময়ে রাশিয়া ইরানের নির্ভরযোগ্য বন্ধু ও অংশীদার হিসেবেই পাশে থাকবে।
তবে এই কূটনৈতিক সমর্থনের বাইরে বাস্তবে রাশিয়া কতটা সহায়তা করছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কিছু ইরানি সূত্রের দাবি, সাম্প্রতিক সংকটে প্রত্যাশিত সহায়তা মস্কোর পক্ষ থেকে মিলছে না।
এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমে এমন খবরও এসেছে যে, রাশিয়া যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব দিয়েছিল-যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে গোয়েন্দা সহায়তা বন্ধ করে, তবে রাশিয়াও ইরানকে তথ্য দেওয়া থেকে বিরত থাকবে। যদিও ক্রেমলিন এই দাবিকে অস্বীকার করেছে।
রাশিয়ার মতে, ইরান-ইসরায়েল সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়িয়েছে এবং এর প্রভাব বিশ্ব জ্বালানি বাজারেও পড়েছে। তবে এই পরিস্থিতিতে তেলের দাম বাড়ায় কিছুটা সুবিধাও পাচ্ছে মস্কো।
একই সঙ্গে রাশিয়া ইরানের ঘনিষ্ঠ মিত্র হলেও দেশটি চায় না তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করুক। মস্কোর আশঙ্কা, এমনটি হলে মধ্যপ্রাচ্যে নতুন করে পরমাণু অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে।