লক্ষ্ণীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ফাজিল ব্যাপারিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২১ মার্চ) গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে মালামালসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। কমলনগর ফায়ার সার্ভিস ইউনিটের টিম লিডার (ভারপ্রাপ্ত) মো. ইসমাইল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে বাজারের বাবুল মিয়ার পোলট্রি মোরগের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে।
খবর পেয়ে কমলনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সফিকুর রহমানের গ্যারেজ, ইউছুফ মিয়ার ফার্নিচারের দোকান, বাবুল মিয়ার পোলট্রি মোরগের দোকানসহ চারটি দোকানঘর মালামালসহ সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া সিএনজিচালিত দুটি অটোরিকশাও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।