খেলাধুলায় আগ্রহ বাড়লেই কমবে মাদক: মতিউর রহমান

এনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) :
| আপডেট: ২২ মার্চ, ২০২৬, ১১:৩৯ এএম | প্রকাশ: ২২ মার্চ, ২০২৬, ১১:৩৯ এএম
খেলাধুলায় আগ্রহ বাড়লেই কমবে মাদক: মতিউর রহমান

যুবসমাজকে মাদক ও নেশা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন লোহাগড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান। তিনি বলেন, “যুবকদের যদি খেলাধুলার প্রতি আগ্রহী করা যায়, তাহলে তারা স্বাভাবিকভাবেই মাদক থেকে দূরে থাকবে এবং একটি সুস্থ সমাজ গড়ে উঠবে।” সম্প্রতি কোটাকোল জননী ক্রীড়া ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান আরও বলেন, বর্তমান সময়ে মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এই ব্যাধি থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে তাদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, এটি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ যুবকদের সঠিক পথে পরিচালিত করতে সহায়ক হবে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘বন্ধুর খোঁজে বন্ধু’র পরিচালক সাব্বির হোসেন, হেমায়েত হোসেন হিমু, এনায়েত হোসেন বুলু, মোস্তাক শেখ, পুলিশের এসআই শরিফুল ইসলাম, তছিরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক ধারায় এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।