মহাসড়কের রেলক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল বসবে: কৃষিমন্ত্রী

এফএনএস | প্রকাশ: ২২ মার্চ, ২০২৬, ১২:৫২ পিএম
মহাসড়কের রেলক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল বসবে: কৃষিমন্ত্রী

কুমিল্লার পদুয়াবাজার বিশ্বরোড এলাকায় এক ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে দুই শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে জাঙ্গালিয়া কচুয়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আজ রোববার (২২ মার্চ) দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দেশের সকল মহাসড়কের রেলক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন কৃষি, প্রাণিসম্পদ ও খাদ্যমন্ত্রী আমিনুর রশীদ।

নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ৩ জন নারী ও ২ জন শিশু রয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী ‘মামুন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস পদুয়াবাজার রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকামুখী একটি মেইল ট্রেন সেটিকে সজোরে ধাক্কা দেয়। ঘাতক ট্রেনটি দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটিকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত ঠেলে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন।

রোববার বেলা ১১টায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে কৃষিমন্ত্রী আমিনুর রশীদ বলেন, “কুমিল্লার এই হৃদয়বিদারক ঘটনার সুষ্ঠু তদন্তে একাধিক কমিটি গঠন করা হয়েছে। ভবিষ্যতে এমন জানমালের ক্ষয়ক্ষতি রোধে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কের রেলক্রসিংগুলোতে দ্রুততম সময়ের মধ্যে আধুনিক ও স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা প্রবর্তন করা হবে।”

মন্ত্রী এরপর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন। তিনি জানান, গুরুতর আহতদের প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা বিদেশে পাঠানো হবে। নিহতদের প্রত্যেক পরিবারকে মরদেহ বহনের খরচ বাবদ তাৎক্ষণিক ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে।

কুমিল্লা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ইদ্রিস জানান, প্রাথমিকভাবে রেলক্রসিংয়ে চরম অসতর্কতার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় পুরো কুমিল্লা ও নিহতদের পরিবারগুলোতে শোকের মাতম চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে