কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে প্রাণহানি বেড়ে ১২

এফএনএস | প্রকাশ: ২২ মার্চ, ২০২৬, ১২:৫৫ পিএম
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে প্রাণহানি বেড়ে ১২

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে মর্মান্তিক ট্রেন-বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ৩ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করা যায়নি।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অজয় ভৌমিক ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে আনার পথেই বেশ কয়েকজনের মৃত্যু হয় এবং চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজন প্রাণ হারান।

রেলওয়ে ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন পদুয়ার বাজার রেলক্রসিং অতিক্রম করার সময় 'মামুন পরিবহন' নামের একটি যাত্রীবাহী বাসকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতা এতই বেশি ছিল যে, ঘাতক ট্রেনটি দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটিকে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত ঠেলে নিয়ে যায়। ঘটনাস্থল থেকেই ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়, পরে হাসপাতালে নেওয়ার পর মৃতের সংখ্যা আরও বাড়ে।

এই দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটসহ সারাদেশের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। রেলওয়ের চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত ট্রেন ও বাসটি সরিয়ে রেললাইন সচল করতে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে আনা হচ্ছে।

রেলওয়ে কর্তৃপক্ষ এই হৃদয়বিদারক ঘটনার কারণ অনুসন্ধানে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। ঈদ পরবর্তী সময়ে এমন ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে