তেহরানের আকাশে আগুনের লেলিহান শিখা

এফএনএস বিশ্ব | প্রকাশ: ২২ মার্চ, ২০২৬, ০১:০৪ পিএম
তেহরানের আকাশে আগুনের লেলিহান শিখা

পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনেও শান্ত হয়নি মধ্যপ্রাচ্যের আকাশ। ইরানের রাজধানী তেহরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলে রোববার (২২ মার্চ) কয়েক দফা অত্যন্ত ভয়াবহ ও শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। দখলদার ইসরায়েল তেহরানে নতুন করে বড় ধরনের হামলার ঘোষণা দেওয়ার পরপরই এই বিকট শব্দে কেঁপে ওঠে পুরো শহর। এর কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ‘হরমুজ প্রণালী’ খুলে দেওয়ার আলটিমেটাম জারি করেছেন।

ইরানি যুদ্ধ ব্লগার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, তেহরানের নিকটবর্তী শহর পারদিস এবং দামাভান্ন্দ এলাকায় অন্তত তিনটি বিশাল বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে দূর-দূরান্ত থেকেও আগুনের কুণ্ডলী দেখা গেছে। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী তেহরানের কোন কোন নির্দিষ্ট স্থাপনায় আঘাত হেনেছে তা এখনও অস্পষ্ট, তবে দামাভান্দ এলাকায় ইরানের গুরুত্বপূর্ণ কিছু কৌশলগত কেন্দ্র রয়েছে বলে ধারণা করা হয়।

একদিকে ইসরায়েলি হামলা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের চরম হুঁশিয়ারি—সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক ভয়াবহ আগ্নেয়গিরির মুখে। রোববার সকালে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন, “যদি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরান কোনো ধরনের হুমকি ছাড়াই হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে না দেয়, তবে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে সেগুলো গুঁড়িয়ে দেবে।” ট্রাম্প সাফ জানিয়েছেন, এই হামলা শুরু হবে ইরানের সবথেকে বড় বিদ্যুৎ কেন্দ্রটি ধ্বংস করার মাধ্যমে।

ট্রাম্পের এই হুমকির জবাবে ইরানও কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, যদি যুক্তরাষ্ট্র তাদের বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোতে হাত দেয়, তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি সংশ্লিষ্ট সকল জ্বালানি এবং তথ্যপ্রযুক্তি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে।

ইরান ও যুক্তরাষ্ট্রের এই পাল্টাপাল্টি অবস্থানে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা তৈরির পাশাপাশি পুরো অঞ্চল এক মহাপ্রলয়ের দিকে ধাবিত হচ্ছে। ঈদের দিনেও এই রক্তক্ষয়ী সংঘাত আর অনিশ্চয়তায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ ইরানি নাগরিকরা।

আপনার জেলার সংবাদ পড়তে