মেহেরপুরের গাংনীর সীমান্তবর্তী ধলা মাঠ থেকে ভারতীয় ৯ বোতল মদ, ২ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। ২২ মার্চ রবিবার সকালে পরিত্যক্ত অবস্থায় ধলা বিজিবি ক্যাম্পের সদস্যরা মদ ও ডেক্সামেথাসন উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং ওষুধের আনুমানিক মূল্য ৬ লক্ষাধিক টাকা। বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চোরাচালানকারীরা এসব অবৈধ পণ্য সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর উদ্দেশ্যে সেখানে মজুদ করেছিল। টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মালামাল জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।