যশোরের অভয়নগর উপজেলা আ’লীগের নেতা আব্দুর রউফ মোল্যা (৬০)কে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার (২২ মার্চ) সকালে উপজেলার নওয়াপাড়া নূরবাগ এলাকায় জেলা পরিষদ মার্কেটের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত আব্দুর রউফ মোল্যা অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে আব্দুর রউফ মোল্যা নূরবাগ এলাকায় জেলা পরিষদের মার্কেটের একটি দোকানে বসে ছিলেন। এসময় ৫-৭ জন দুর্বৃত্ত হামলা চালিয়ে তাকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করে। পরে পথচারী ও ব্যবসায়ীদের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌমিক সেন জানান, আব্দুর রউফ নামে একজন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহৃ রয়েছে। আহত আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ মোল্যা বলেন, যশোরে যাওয়ার উদ্দেশ্যে নূরবাগ এলাকায় জেলা পরিষদের মার্কেটের একটি দোকানে বসে ছিলাম। এসময় দেশীয় অস্ত্রসহকারে কয়েকজন যুবক আমাকে ধরে নিয়ে মারপিট করে। পরে তারা একজন নারীকে আমার পাশে বসিয়ে ভিডিও ধারণ করে। ভিডিওটি সাজানো নাটক। এ ব্যাপারে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, ৯৯৯ থেকে ফোন পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মারপিটের শিকার আব্দুর রউফ মোল্যা নামে সেখানে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।