কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত; তুর্কি কর্মকর্তাসহ নিহত ৬, নিখোঁজ ১

এফএনএস বিশ্ব
| আপডেট: ২২ মার্চ, ২০২৬, ০৬:০২ পিএম | প্রকাশ: ২২ মার্চ, ২০২৬, ০৬:০২ পিএম
কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত; তুর্কি কর্মকর্তাসহ নিহত ৬, নিখোঁজ ১

কাতারের জলসীমায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কাতার সশস্ত্র বাহিনীর সদস্য ও তুরস্কের কর্মকর্তাসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) নিয়মিত দায়িত্ব পালনের সময় ‘কারিগরি ত্রুটির’ কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিধ্বস্ত হেলিকপ্টারটিতে মোট সাতজন আরোহী ছিলেন। এদের মধ্যে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজন এখনো নিখোঁজ রয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, যান্ত্রিক গোলযোগের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে হেলিকপ্টারটি সাগরে আছড়ে পড়ে। তবে এটি কোনো শত্রুতামূলক হামলার ফল নয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

নিহতদের মধ্যে কাতার সশস্ত্র বাহিনীর পাইলট ক্যাপ্টেন মুবারক সালেম দাওয়াই আল-মার্রি, সার্জেন্ট ফাহাদ হাদি ঘানেম আল-খাইয়ারিন এবং করপোরাল মোহাম্মদ মাহের মোহাম্মদ রয়েছেন। এছাড়া কাতার-তুরস্ক যৌথ বাহিনীর মেজর সিনান তাসতেকিন এবং তুরস্কের দুই বেসামরিক সহযোগীও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। কাতার সশস্ত্র বাহিনীর অপর পাইলট ক্যাপ্টেন সাঈদ নাসের সামেখ এখনো নিখোঁজ রয়েছেন। তাঁকে খুঁজে বের করতে সাগরে ব্যাপক উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

কাতারের আমির ও তুর্কি সরকার এই মর্মান্তিক প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে