একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি

এফএনএস বিশ্ব | প্রকাশ: ২২ মার্চ, ২০২৬, ০৬:০৫ পিএম
একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীর চালানো বর্বরোচিত নৃশংসতাকে ‘গণহত্যা’ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ কংগ্রেসে একটি ঐতিহাসিক প্রস্তাব উত্থাপিত হয়েছে। গত শুক্রবার (২০ মার্চ) কংগ্রেস সদস্য গ্রেগ ল্যান্ডসম্যান এই প্রস্তাবটি উত্থাপন করেন। প্রস্তাবটিতে একাত্তরের সেই ভয়াবহ দিনগুলোতে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ, লাখ লাখ মানুষের বাস্তুচ্যুত হওয়া এবং নারীদের ওপর চালানো অমানবিক নির্যাতনের চিত্র স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

উত্থাপিত এই প্রস্তাবটি বর্তমানে পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির কাছে পাঠানো হয়েছে। প্রস্তাবে তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর দ্বারা পূর্ব পাকিস্তানের জনগণের ওপর দীর্ঘদিনের শোষণ ও বৈষম্যের কথা উল্লেখ করা হয়েছে। বিশেষ করে একাত্তরে পাকিস্তানি দখলদার বাহিনীকে সরাসরি সহায়তা করায় জামায়াতে ইসলামীকে বিচারের মুখোমুখি করার জোর দাবি জানানো হয়েছে।

প্রস্তাবটিতে ঐতিহাসিক নথিপত্র টেনে বলা হয়েছে, সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাসের বিখ্যাত প্রতিবেদন ‘জেনোসাইড’ এবং ঢাকায় নিযুক্ত তৎকালীন মার্কিন কনসাল জেনারেল আর্চার ব্লাডের পাঠানো সেই ঐতিহাসিক ‘ব্লাড টেলিগ্রাম’ প্রমাণ করে যে, পাকিস্তান সেনাবাহিনীর ‘অপারেশন সার্চলাইট’ ছিল একটি সুপরিকল্পিত ও পরিকল্পিত গণহত্যা।

এই প্রস্তাবের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তিনি একাত্তরের এই বীভৎসতাকে আনুষ্ঠানিকভাবে ‘গণহত্যা’ এবং ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃতি প্রদান করেন। একইসঙ্গে অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সঠিক ইতিহাস সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, মার্কিন কংগ্রেসে এই প্রস্তাব পাস হলে তা বাংলাদেশের দীর্ঘদিনের দাবিকৃত একাত্তরের গণহত্যার বৈশ্বিক স্বীকৃতির পথে এক বিশাল মাইলফলক হিসেবে গণ্য হবে।

আপনার জেলার সংবাদ পড়তে