রংপুরের পীরগঞ্জে কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মেয়ের বাবাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করেছে বখাটের দল। এ ব্যাপারে উত্ত্যক্তের শিকার মেয়ের বাবা বাদী হয়ে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, উপজেলার ভেন্ডাবাড়ী হাট এলাকায় স্থানীয় বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মিয়াজান ইসলামের বখাটে পুত্র শাওন মিয়া (৩৫) দীর্ঘদিন ধরে প্রতিবেশী ভাড়াটিয়া রিয়াজুল ইসলাম সাগরের কলেজ পড়ুয়া কন্যাকে প্রায়ই উত্ত্যক্ত করে আসছিল। ছাত্রীটি বাড়ির বাহিরে বের হলে কিংবা কলেজ যাতায়াতের সময় নানা বাজে অঙ্গভঙ্গি, কটুক্তি এমনকি ওড়না টেনে ধরার ঘটনা ঘটিয়ে আসছিল।
প্রতিবেশীরা জানায়, বখাটে শাওনের পরিবার স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তার নানা অপকর্মের প্রতিবাদ করার কেউ সাহস পায়না। সে ইতিমধ্যে একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও সংসার টেকেনি।ভাড়াটে রিয়াজুল ইসলাম সাগর তার স্ত্রী, একমাত্র কন্যা ও ছেলেদের ভাড়াটে বাসায় রেখে ব্যবসায়ীক কারণে প্রায়ই ঢাকায় অবস্থান করতেন। গত বৃহস্পতিবার সে বাসায় ফিরলে তাঁর কলেজ পড়ুয়া কন্যা শাওনের উত্ত্যক্তের বিষয়টি খুলে বলে।
শুক্রবার সকালে রিয়াজুল ইসলাম সাগর উত্ত্যক্তকারী শাওনের বাবা ও মাকে বিষয়টি অবগত করে শাসনের অনুরোধ জানায়। এদিকে বিষয়টি পরিবারকে জানানোর ঘটনায় শাওন ভীষণ ক্ষীপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে শুক্রবার রাতেই শাওন তাঁর দলবল নিয়ে ভেন্ডাবাড়ী কিছুখাই কনফেকশনারীর সামনে কলেজ ছাত্রীর বাবা রিয়াজুল ইসলাম সাগরকে একা পেয়ে এলোপাতাঁড়ি কিল ঘুষি মেরে গুরুতর আহত করে পালিয়ে যায়। এ ব্যাপারে রাতেই রিয়াজুল ইসলাম সাগর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের বিষয় নিশ্চিত করে সাব-ইন্সপেক্টর ওয়াদুদ বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে