তাপমাত্রা বাড়ছে, আগামী সপ্তাহে ফের বৃষ্টির সম্ভাবনা

এফএনএস | প্রকাশ: ২২ মার্চ, ২০২৬, ১০:৫৪ পিএম
তাপমাত্রা বাড়ছে, আগামী সপ্তাহে ফের বৃষ্টির সম্ভাবনা

সাম্প্রতিক বৃষ্টিপাত কমে যাওয়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে এই ধারা অব্যাহত থাকতে পারে, তবে আগামী সপ্তাহের শেষের দিকে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।

রোববার ঢাকা ও বরিশাল বিভাগে বৃষ্টির দেখা মেলেনি। একইসঙ্গে তাপমাত্রাও কিছুটা বেড়েছে। শনিবার নরসিংদীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা রোববার টেকনাফে বেড়ে দাঁড়ায় ৩৩.২ ডিগ্রি সেলসিয়াসে।

ঢাকাতেও তাপমাত্রা বেড়ে ২৫.৭ থেকে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। এদিন রংপুর বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হয়েছে, তবে সোমবার থেকে সেখানে বৃষ্টির পরিমাণ কমে আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অন্যত্র আবহাওয়া আংশিক মেঘলা ও শুষ্ক থাকতে পারে।

এই সময়ে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, আর রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ২৭ মার্চের পরবর্তী কয়েকদিনে আবার বৃষ্টির প্রবণতা বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আপনার জেলার সংবাদ পড়তে