আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২২ মার্চ, ২০২৬, ১০:৫৫ পিএম
আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল

গত বছর স্থগিত হওয়া দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সূচি অনুযায়ী, ভারত দল ২৮ আগস্ট বাংলাদেশে পৌঁছাবে। এরপর ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজের খেলা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। এরপর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।

এই সিরিজ আয়োজনের কারণে একই সময়ে নির্ধারিত আয়ারল্যান্ডের বাংলাদেশ সফর পিছিয়ে দেওয়া হয়েছে। তবে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের ব্যস্ত সূচির কারণে নতুন সময় নির্ধারণ করা সম্ভব হয়নি, ফলে সফরটি অনিশ্চয়তায় পড়েছে। বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ২০২৭ সালের আগে নতুন সময় বের করা কঠিন হতে পারে।

বর্তমানে আইসিসি র‍্যাঙ্কিংয়ে ৭৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে এক ধাপ এগিয়েছে টাইগাররা। শক্তিশালী ভারতের বিপক্ষে এই সিরিজকে র‍্যাঙ্কিং উন্নয়নের বড় সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

আপনার জেলার সংবাদ পড়তে