মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা কঠোর বার্তা দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, তাদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হলে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে।
সম্প্রতি ট্রাম্প ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, এই সময়ের মধ্যে প্রণালী পুরোপুরি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেওয়া হবে। এর জবাবে রোববার ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ইব্রাহিম যুলফাগারি বলেন, প্রণালী এখনো পুরোপুরি বন্ধ করা হয়নি, তবে তা তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি জানান, নির্দিষ্ট নিরাপত্তা শর্ত মেনে কিছু জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র হামলা চালালে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এর মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়া এবং ইসরাইলের জ্বালানি ও অবকাঠামো লক্ষ্যবস্তু করার হুমকিও রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার পর থেকেই ইরান প্রণালীর ওপর কড়া নিয়ন্ত্রণ আরোপ করেছে। তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ চলাচল করতে পারছে না।
এই পরিস্থিতিতে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। অপরিশোধিত তেলের দাম ইতোমধ্যে ১০০ ডলার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র একদিকে প্রণালী সচল রাখতে চাপ দিচ্ছে, অন্যদিকে ইরান জানিয়ে দিয়েছে—হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সংশ্লিষ্ট কোনো জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে না।
এদিকে কয়েকটি ইউরোপীয় দেশ ও জাপান প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে সহায়তার আগ্রহ দেখালেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।