পুলিশ ঘিরে রেখেও রুখতে পারল না হত্যাকান্ড

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৬, ১১:৩২ এএম
পুলিশ ঘিরে রেখেও রুখতে পারল না হত্যাকান্ড

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে উপস্থিত থাকলেও হামলা ঠেকাতে পারেননি দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। পুলিশের উপস্থিতিতেই হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরেছে। ভিডিওতে দেখা গেছে, খোরশেদ সিকদারকে (৬৫) ঘিরে কয়েকজন মারধর করছেন। কাছেই দাঁড়িয়ে থাকা তিন পুলিশ সদস্য তাঁদের থামানোর চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন। বারবার এগিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও হামলাকারীদের নিবৃত্ত করতে পারেননি পুলিশ সদস্যরা।  চেয়ার আর লাঠি দিয়ে পিটিয়ে বৃদ্ধ খোরশেদ সিকদারকে হত্যা করা হয়েছে। এদিকে হামলার সাথে জড়িত থাকার অভিযোগে মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহিন লিটন ও সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়ার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘর নির্মাণের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রবিবার বিকেলে বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠক বসে। একপর্যায়ে বাগবিতন্ডা থেকে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বরিশালের পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল। সংঘর্ষে গুরুত্বর আহত হন খোরশেদ সিকদার। পরে তাঁকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় নারীসহ আরো চারজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি এ হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একইসাথে হামলাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। মেহেন্দিগঞ্জ থানার এসআই বশির আহমেদ বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছের, ঘর নির্মাণের মজুরি বাবদ ৫০ হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে জাহাঙ্গীর হাওলাদারের পরিবারের সাথে খোরশেদ সিকদারের পরিবারের বিরোধ ছিল।