ঈদের ছুটিতে রাজধানী ঢাকা অনেকটা জনশূন্য থাকলেও বাতাসের মানের কোনো উন্নতি হয়নি; বরং পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকালে বিশ্বের দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয় নম্বরে উঠে এসেছে। বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) তথ্য অনুযায়ী, আজ ঢাকার বাতাস জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।
সোমবার সকাল সোয়া ৯টার দিকে আইকিউএয়ার সূচকে ঢাকার দূষণ স্কোর রেকর্ড করা হয়েছে ১৮৪। তালিকার শীর্ষে রয়েছে চীনের বেইজিং, যার স্কোর ১৯০। ১৮৪ পয়েন্ট নিয়ে ঢাকা দ্বিতীয় এবং ১৭৫ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর তৃতীয় অবস্থানে রয়েছে। এছাড়া ভারতের কলকাতা ১৬৪ স্কোর নিয়ে চতুর্থ এবং দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন পঞ্চম স্থানে রয়েছে।
আইকিউএয়ার-এর মানদণ্ড অনুযায়ী, দূষণ স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত হলে সেই বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। সেই হিসেবে ঢাকার আজকের বাতাসের মান সাধারণ মানুষের শ্বাসপ্রশ্বাসের জন্য ঝুঁকিপূর্ণ। অথচ এই সময়ে ইন্দোনেশিয়ার বাটাম এবং অস্ট্রেলিয়ার সিডনির মতো শহরগুলো যথাক্রমে শূন্য ও ৮ স্কোর নিয়ে স্বাস্থ্যকর বায়ুর তালিকায় শীর্ষে অবস্থান করছে।
বিশেষজ্ঞদের মতে, সাধারণত শূন্য থেকে ৫০ স্কোর থাকলে বায়ুর মান ভালো এবং ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। কিন্তু ঢাকা দীর্ঘদিন ধরে ১৫০-এর ওপর অবস্থান করায় নাগরিক স্বাস্থ্যের ওপর এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ছে। ফাঁকা শহরেও কেন দূষণ কমছে না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা।