দৌলতপুরে

মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের প্রতি এমপি বাচ্চু মোল্লার আহ্বান

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৬, ০১:৩৪ পিএম
মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের প্রতি এমপি বাচ্চু মোল্লার আহ্বান

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে ‘প্রাক্তন শিক্ষার্থীদের সৌহার্দ্যপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ (সিজন-২)’। পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে বিদ্যালয় চত্তরে এসএসসি ২০১৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এই প্রীতি ম্যাচটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর আসনের সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে সতর্কবাণী উচ্চারণ করে তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, "মাদকসেবীদের সাথে তোমরা মিশবে না। তারা বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমাদেরকে অল্প অল্প করে মাদক সেবন করিয়ে বিপথে নিয়ে যাবে। মাদকের মরণব্যাধি থেকে নিজেদের সুরক্ষিত রাখতে হবে।" পড়াশোনার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, "তোমাদের প্রথম কাজ হলো লেখাপড়ায় মনোযোগী হওয়া। আগে ভালোভাবে পড়াশোনা শেষ করো, তারপর চাইলে রাজনীতি করবে।" অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপি-র সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন এবং তারাগুনিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক  আহমেদ রাজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মথুরাপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক খসরু নোমান। ঈদের আনন্দকে সহপাঠীদের সাথে ভাগ করে নিতে এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। মাঠের চারপাশে ছিল প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড়। টানটান উত্তেজনার এই ম্যাচে ক্রিকেটারদের নৈপুণ্য দর্শকদের দারুণভাবে আনন্দিত করে। আয়োজক কমিটির সদস্যরা (এসএসসি ব্যাচ-২০১৯) জানান, যান্ত্রিক জীবনের ব্যস্ততায় সহপাঠীরা একে অপরের থেকে দূরে সরে গেলেও এই ধরনের আয়োজন সবাইকে আবার একত্রিত করার সুযোগ করে দেয়। তারা আশা প্রকাশ করেন যে, প্রতি বছরই এই টুর্নামেন্টের ধারা অব্যাহত থাকবে। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রাখার লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টটি স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে ট্রফি প্রদান করা হয়।