তানোরে কারখানায় চুরি হওয়া মালামাল উদ্ধার, দুই চোর আটক

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী
| আপডেট: ২৩ মার্চ, ২০২৬, ০১:৩৫ পিএম | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৬, ০১:৩৫ পিএম
তানোরে কারখানায় চুরি হওয়া মালামাল উদ্ধার, দুই চোর আটক
রাজশাহীর তানোরে পিলার ও স্যানিটেশন কারখানায় চুরি হওয়া বিভিন্ন মালামালসহ দুই চোরকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয় জনতা। এরআগে চুরি হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। গত ২০ মার্চ শুক্রবার দিনগত রাতে তানোর পৌরসভার চাঁদপুর মহল্লায় স্থাপিত এক কারখানায় এ চুরির ঘটনা ঘটে। এনিয়ে কারখানার মালিক তানোর পৌর এলাকার চাঁদপুর মহল্লার বাসিন্দা মো. ইয়াকুব হাজীর পুত্র ইসহাক প্রফেসার বাদী হয়ে ২১ মার্চ শনিবার তানোর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নাম্বার- ২২। ধারা ৪৫৭/৩৮০/৪১১/৪২৭। মামলায় অভিযুক্ত আসামীরা হলেন- তানোর পৌরসভার চাঁদপুর মহল্লার বাসিন্দা লায়েব কারিকরের পুত্র রাসেল আলী (৩২) ও জিওল গ্রামের বাসিন্দা মৃত ঝাটু মন্ডলের পুত্র খাইরুল ইসলাম (২৮)। পরে আটককৃত দুই চোরকে পুলিশ স্কটের মাধ্যমে ২২ মার্চ রোববার দুপুরে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঠানো হয়। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, ইসহাক প্রফেসার বেশ কয়েক বছর আগে অন্যের জায়গা ভাড়া নিয়ে চাঁদপুর মহল্লায় গনির চাতালের উত্তরে পিলার তৈরি ও স্যানিটেশন কারখানা গড়ে তোলেন। সেখানে শ্রমিক ও নাইটগার্ড হিসেবে কাজ করেন জিওল গ্রামের আমিনুল ইসলাম। ঈদুল ফিতরের রাত বলে সেদিন ডিউটিতে আসেনি আমিনুল। এসুবাদে ওই কারখানা থেকে সম্প্রতি ২০ মার্চ দিনগত রাতে একটি ওয়ালটন মনিটর, চারটি লোহার বিয়ারিং, দুইটি সিসিটিভি ক্যামেরা ও বিভিন্ন মালামাল চুরি হয়ে যায়। পরে ঈদের দিন সকালে মোবাইল আ্যাপসের মাধ্যমে সিসিটিভি ক্যামেরা চেক করে চোরদের পরিচয় পাওয়া যায়। সেখানে দেখা যায়, ওই কারখানায় কাজ করা শ্রমিক রাসেল ও খাইরুল এসব চুরি করেছেন। ঈদের নামাজ পড়ে চাঁদপুর মোড়ে চোরকে জিজ্ঞাসা করা নিয়ে ধস্তাধস্তি হলে চুরি করার কথা স্বিকার করে খাইরুল। সেই সাথে চুরি হওয়া মালামাল তার সঙ্গীয় চোর রাসেলর বাড়িতে রাখা আছে বলে জানায়। পরে রাসেলের বাবা-মা চুরি হওয়া সব মালামাল তাদের বাড়ি থেকে বের করে দেয়। স্থানীয়রা চোর রাসেলকে খোঁজাখঁজি করে ব্রাক মোড় থেকে ধরে নিয়ে থানাপুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত চোর রাসেল ও খাইরুলকে আটক করে পুলিশ। তারা পরে অবশ্য পুলিশের কাছে চুরির বিষয়টি স্বীকার করেছেন। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, চোরাই মালামাল উদ্ধারে জিজ্ঞাসা নিয়ে ধস্তাধস্তি হলে খাইরুল নামের এক ব্যক্তি চুরির বিষয়টি শিকার করে। এসময় ধস্তাধস্তিতে সামান্য আহত খাইরুল চোরকে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশ স্কটের মাধ্যমে আটক দুই ব্যক্তিকে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি। 
আপনার জেলার সংবাদ পড়তে